নিরাপদ খাদ্য দিবসে প্রজ্ঞা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৬ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৪ এএম
প্রজ্ঞা লোগো।
দেশব্যাপী সোমবার পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬। এ বছরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— “নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি”।
দিবসটি উপলক্ষ্যে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’ (প্রগতির জন্য জ্ঞান) জানিয়েছে, সরকারের এই লক্ষ্য বাস্তবায়নের পথে অন্যতম বড় বাধা হলো অস্বাস্থ্যকর খোলা ড্রামে বাজারজাতকৃত ভোজ্যতেল।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে প্রজ্ঞা জানায়, খোলা ড্রামে বিক্রি হওয়া ভোজ্যতেলে সাধারণত ভিটামিন ‘এ’ অনুপস্থিত বা অত্যন্ত অপর্যাপ্ত থাকে। অধিকাংশ ক্ষেত্রে কেমিক্যাল পরিবহনে ব্যবহৃত ‘নন-ফুড গ্রেডেড’ ড্রাম ভোজ্যতেল বাজারজাতকরণে ব্যবহার করা হচ্ছে। একই ড্রাম বারবার ব্যবহারের ফলে তেল দ্রুত দূষিত হয় এবং এতে ভেজাল মেশানোর সুযোগও বেশি থাকে। এর ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং শিশু ও নারীদের মধ্যে ভিটামিন ‘এ’ ঘাটতির প্রবণতা প্রকট হচ্ছে।
গবেষণায় দেখা গেছে, প্যাকেটজাত তেল তুলনামূলক নিরাপদ এবং ভিটামিন ‘এ’ সমৃদ্ধ। তবে ভোজ্যতেলের গুণমান বজায় রাখতে আলো-প্রতিরোধী অস্বচ্ছ মোড়ক অত্যন্ত জরুরি। কারণ সূর্যরশ্মি, বাতাস ও অক্সিজেনের সংস্পর্শে এলে তেলের ভিটামিন ‘এ’ নষ্ট হয়ে যায় এবং তেলের গুণগত মান দ্রুত হ্রাস পায়।
জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট জরিপ ২০১৯-২০ অনুযায়ী, দেশে ০৬-৫৯ মাস বয়সী শিশুদের ৫০.৯ শতাংশ অর্থাৎ প্রতি দুইজনে একজন শিশু ভিটামিন ‘এ’ ঘাটতিতে ভুগছে। সরকার ২০১৩ সালে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করলেও, খোলা ড্রামে তেল বিক্রি বন্ধ না হওয়ায় এই আইনের যথাযথ বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “ভিটামিন সমৃদ্ধ ভোজ্যতেল জনগণের পুষ্টি ঘাটতি মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য উন্নয়নে একটি কার্যকর উপায়। খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি বন্ধ হলে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব”।