প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৬ পিএম
আদালত থেকে কারাগারে পাঠানো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমানকে। ছবি: ভিডিও থেকে নেওয়া
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আদালত সোমবার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।
এর আগে রবিবার রাতে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
মামলার এজাহারের বরাতে তিনি জানান, ১১ বছর বয়সী ওই শিশুটি গত ৭-৮ মাস ধরে সাফিকুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। এ সময় বিভিন্ন অজুহাতে শিশুটির ওপর অমানুষিক নির্যাতন চালানো হতো। বর্তমানে শিশুটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, শিশুটির শরীরে নির্যাতনের অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে।
এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং বাসার আরও দুই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।