ময়মনসিংহ সফরে সেনাপ্রধান
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৫ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৬ পিএম
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: বাসস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের সময় পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল রবিবার ময়মনসিংহে সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনা সদস্যদের দায়িত্ব পালনের অগ্রগতি দেখতে ময়মনসিংহ পরিদর্শন করেন সেনাপ্রধান। এরই অংশ হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
সেনাবাহিনী প্রধান পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরবর্তীতে ত্রিশালে অবস্থিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ করেন তিনি।
সেনাপ্রধান ময়মনসিংহ পরিদর্শনকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া এরিয়া কমান্ডার, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং সেনাসদর ও ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।