প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৯ পিএম
মুস্তাফিজ শফি।
জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বহুমাত্রিক লেখক মুস্তাফিজ শফি।
ঢাকার বাংলামটরের প্রধান কার্যালয়ে রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন এই দায়িত্ব গ্রহণ করেন।
মুস্তাফিজ শফি একজন দক্ষ ও পেশাদার সাংবাদিক হিসেবে দীর্ঘ সময় ধরে সংবাদপত্র অঙ্গনে মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখে চলেছেন। এর আগে তিনি দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দৈনিক ‘কালের কণ্ঠ’পত্রিকার প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক এবং দৈনিক ‘সমকাল’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতা জীবনের শুরুর দিকে তিনি দৈনিক আমার দেশ, দৈনিক প্রথম আলো, দৈনিক মানবজমিন ও দৈনিক আজকের কাগজের মতো শীর্ষস্থানীয় দৈনিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
অনুসন্ধানী সাংবাদিক হিসেবে মুস্তাফিজ শফির বিশেষ খ্যাতি রয়েছে। সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), রোটারি ইন্টারন্যাশনাল, লায়ন্স ক্লাব, ইউনেস্কো ক্লাব মিডিয়া অ্যাওয়ার্ড এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডসহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার একাধিক সৃজনশীল প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। তিনি নিজেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে সাংবাদিকতা বিষয়ে পাঠদান করেন।
সাংবাদিকতার পাশাপাশি মুস্তাফিজ শফি একজন কবি ও কথাসাহিত্যিক। কবিতা, কথাসাহিত্য, গবেষণা ও সাংবাদিকতা বিষয়ক তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় দুই ডজন। ‘ভূতকল্যাণ সমিতি’ গ্রন্থের জন্য তিনি সিটি ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার। মুক্তিযুদ্ধ বিষয়ক একাত্তরের বিজয়িনী গ্রন্থের জন্য পেয়েছেন মোবাইল ফোন অপারেটর রবির সম্মাননা।
দেশ রূপান্তরের দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় মুস্তাফিজ শফি বলেন, “দীর্ঘ সাংবাদিকতা জীবনে পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছি। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। ‘দায়িত্বশীলদের দৈনিক' এ স্লোগান নিয়ে এগিয়ে চলা দেশ রূপান্তর পত্রিকার সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সততা, পেশাদারিত্ব ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সাংবাদিকতার ধারাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো”।
রূপায়ণ গ্রুপের অর্থায়নে ‘দায়িত্বশীলদের দৈনিক’ স্লোগান নিয়ে দেশ রূপান্তর ২০১৮ সালে যাত্রা শুরু করে। অনেকগুলো সাড়া জাড়ানো অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে পত্রিকাটি পাঠকপ্রিয়তা পেয়েছে। প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন ও ইউটিউব চ্যানেলও জনপ্রিয়তা পেয়েছে।