বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪১ পিএম
বোয়ালমারী উপজেলায় কুমার নদে রবিবার দুর্গন্ধযুক্ত পানিতে স্নান ও পূজা-অর্চনা সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের বোয়ালমারীতে ঐতিহ্যবাহী মাঘীপূর্ণিমার গঙ্গা-পুণ্যস্নান অনুষ্ঠিত হলেও নদীতে ফরিদপুর সুগার মিলের অপরিশোধিত বর্জ্য পড়ায় পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়ায়, এতে চরম ভোগান্তিতে পড়েন পূণ্যার্থীরা।
বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে অবস্থিত ঐতিহাসিক কয়ড়া শ্রী শ্রী কালীমন্দির সংলগ্ন কুমার নদে রবিবার এ পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।
ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা গঙ্গাস্নানে অংশ নিতে আসেন। তবে নদীর পানি ব্যবহারের অনুপযোগী হওয়ায় বাধ্য হয়েই দুর্গন্ধযুক্ত পানিতে স্নান ও পূজা-অর্চনা সম্পন্ন করতে হয় তাদের।
প্রতি বছরের মতো এ বছরও নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দূর-দূরান্ত থেকে পদব্রজে ও বিভিন্ন যানবাহনে করে পূণ্যার্থীরা আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পূণ্যার্থীদের ঢল নামে। মাঘীপূর্ণিমা তিথিতে গঙ্গাদেবীর উদ্দেশ্যে মন্ত্র পাঠ, অর্ঘ্য প্রদান ও পাপ মোচনের প্রার্থনা করেন ভক্তরা।
যশোরের বাঘাইর থেকে আগত পূণ্যার্থী শিমুল কুমার সাহা বলেন, “দীর্ঘ ১৬-১৭ বছর ধরে এখানে গঙ্গাস্নানে আসছি। এ বছর পানির দুর্গন্ধের কারণে বাচ্চাদের স্নান করাতে পারিনি।”
সদরপুর উপজেলার দেবানন্দ আশ্রম থেকে ৪৫ জনের একটি দল নিয়ে আগত পুরোহিত অসীত ঠাকুর জানান, ভারতের গঙ্গায় যাওয়া সম্ভব না হওয়ায় তারা প্রাচীন এই তীর্থস্থানেই গঙ্গাস্নান ও পূজা করে থাকেন।
কয়ড়া কালীমন্দির কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ চন্দ্র সাহা বলেন, “প্রায় ৭০০ বছর ধরে এখানে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু গত দুই বছর ধরে মধুখালিতে অবস্থিত ফরিদপুর সুগার মিল গঙ্গাস্নানের ঠিক আগে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলছে। এতে নদীর পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পূণ্যার্থীদের জন্য চরম দুর্ভোগের কারণ।” তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্নান শেষে পূণ্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। গঙ্গাস্নান ও মেলা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।