হুঁশিয়ারি ইসি সানাউল্লাহর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৮ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২২ পিএম
নির্বাচন উপলক্ষে রবিবার বরিশাল সার্কিট হাউসে আয়োজিত সভায় বক্তব্য দেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নির্বাচন সংশ্লিষ্ট কোনও কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
বরিশাল সার্কিট হাউসে রবিবার সকালে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
এসময় তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় নির্বাচন সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের প্রস্তুতি তুলে ধরেন।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করতে হবে। সবকিছু খোলামেলাভাবে করবেন, কোনও লুকাছাপা নেই। নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে এবং নেবে।
তিনি বলেন, আমি যখন পেশাদারিত্ব নিয়ে কাজ করছি, শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমার কাছে কোনও ছোট দল, বড় দল, হেভিওয়েট প্রার্থী, লাইটওয়েট প্রার্থী নেই। আইন প্রয়গের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে।
তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, নির্দেশনার পরেও যদি কেউ তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন, পক্ষপাতিত্ব করেছেন- তা যদি প্রমাণিত হয় তাহলে পরিণতি খুব খারাপ হবে। নির্বাচন কমিশন খুব কঠিন হবে এ ব্যাপারে।
এখন থেকে নির্বাচন পর্যন্ত কোথাও নির্বাচন সংশ্লিষ্টরা আথিয়েতা গ্রহণ করতে পারবেন না বলেও জানান তিনি।
অপতথ্য গুজব ঠেকাতে স্থানীয় পর্যায়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত সত্যটি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে হবে। যত নির্বাচন ঘনিয়ে আসবে তত অপতথ্য গুজবের প্রবণতা বাড়বে। তাই সকলকে সচেতন থাকতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, দৃঢ়ভাবে কাজ করতে হবে। আপনারা দৃঢ় থাকলে কেউ সুযোগ নিতে পারবে না।
সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন। উপস্থিত ছিলেন পুলিশ সুপারসহ আইনশৃংখলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা।