রাঙামাটি সংবাদদাতা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২ ২২:২৪ পিএম
শুক্রবার রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় সন্তু লারমা ছবি: প্রবা
২৫ বছরেও পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা।
তিনি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি এই চুক্তি এমনিতেই আর বাস্তবায়িত হবে না। চুক্তি বর্তমানে মুখ থুবড়ে পড়ে আছে। এই চুক্তি বাস্তবায়নে সংগ্রাম অনিবার্য, সংগ্রাম হবেই হবে।’
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা ও আলোচনা সভা আয়োজন করে জেএসএসের সহযোগী সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পাহাড়ি ছাত্র পরিষদ যে বিষয় নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা করেছে, আমি দেখেছি, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের আরও পড়ালেখা করতে হবে। চুক্তি সম্পর্কে আরও জানা দরকার। পার্বত্য চুক্তি এটা সাধারণ কোনো দলিল নয়। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পার্বত্য এলাকার জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছে। চুক্তির পূর্বেও যে পরিস্থিতি ছিল, এখনও তা বহাল রয়েছে।’
সন্তু লারমা বলেন,‘পার্বত্য চুক্তি জুম্ম জনগণের অধিকারের সনদ। পার্বত্য চুক্তি সম্পর্কে পাহাড়ের অধিকাংশ জুম্ম জনগণের কোনো জ্ঞান নাই। তারা এই বিষয়ে জ্ঞান অর্জনের আগ্রহও দেখায় না। এই বিষয়ে প্রত্যেকের জানা দরকার। শুধু চুক্তি নয়, সংবিধানে মানবাধিকার বিষয় সম্পর্কেও জানা প্রয়োজন। চুক্তি বাস্তবায়নের সংগ্রামে সকল জুম্ম জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠানের আহ্বায়ক জিকো চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির কুমার চাকমা, জাতীয় মানবাধিকার কমিশনরে সাবেক সদস্য নিরূপা দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশন সাধারণ সম্পাদক শান্তি দেবী তনঞ্চ্যাসহ অনেকে।