× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে বাধা কাটল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ২২:২৭ পিএম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল। ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল। ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে এই প্রক্রিয়া বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়। এর ফলে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে আর আইনি বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এনসিটি নিয়ে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে এর আগে গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ ভিন্ন মতের রায় দিয়েছিল।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও, এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদন খারিজ করে রায় দেন। পরে তখনকার প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান।

এনসিটি পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বে সমঝোতা স্মারক (এমওইউ) হয়েছিল।

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে গত বছর বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিট আবেদন করেছিলেন।

সেখানে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট আইন ও পিপিপি নীতিমালা অনুসরণ না করে বিদেশি অপারেটর নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

পরে গত বছরের ৩০ জুলাই হাইকোর্ট এই বিষয়ে রুল জারি করে জানতে চায় যে কেন এই চুক্তি প্রক্রিয়াকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন সংশ্লিষ্ট আইনুযায়ী প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্র নিশ্চিত করা হবে না। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা