× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের ৭ হাজার কোটি টাকার সামরিক ও চিকিৎসা সহায়তা পাচ্ছে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ২১:১৫ পিএম

ঢাকার আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সম্মেলন কক্ষে গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী নবম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি) সম্পন্ন হয়। ছবি: গ্লোবাল ডিফেন্স কর্প

ঢাকার আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সম্মেলন কক্ষে গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী নবম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি) সম্পন্ন হয়। ছবি: গ্লোবাল ডিফেন্স কর্প

বাংলাদেশকে প্রায় ৭ হাজার কোটি টাকার সামরিক ও চিকিৎসা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ঢাকার আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সম্মেলন কক্ষে গত ২৭ জানুয়ারি দুই দেশের মধ্যে দুই দিনব্যাপী নবম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি) সফলভাবে সম্পন্ন হয়, যেখানে এই প্রতিশ্রুতি দেওয়া হয় দাবি করেছে গ্লোবাল ডিফেন্স কর্প নামের ওয়েবসাইটের একটি প্রতিবেদন।

সেখানে বলা হয়, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫৭ কোটি ২৫ লাখ ডলারের (৬ হাজার ৯৯৪ কোটি ৭৫ লাখ টাকা) সামরিক ও চিকিৎসা সহায়তা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে, যা এর আগের সরকার ফিরিয়ে দিয়েছিল।

যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের ৮-১০ সেপ্টেম্বরে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতায় এবারের বৈঠকে বাংলাদেশের পক্ষে ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হক ও যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন মাইকেল জ্যাকব ওস্টার। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির।

সেই বৈঠকে উভয় পক্ষ সামরিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি বিনিময় ও কৌশলগত সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে যৌথ সামরিক মহড়া, উন্নত প্রশিক্ষণ পদ্ধতি ও দুর্যোগ মোকাবিলায় একে অপরকে কারিগরি সহায়তা দেওয়ার বিষয় সেখানে গুরুত্ব পায়।

প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরও উন্নত অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করবে বলে বৈঠকে জানানো হয়। 

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের দেওয়া তথ্যমতে, সার্বভৌমত্ব রক্ষা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য বাংলাদেশকে ‘ব্ল্যাকজ্যাক’ ড্রোন, ৩৫ ফুটের সেফ টহল বোট ও জোডিয়াক বোট দেওয়া হবে।

এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফ্রিগেট, মাইন-প্রতিরোধী সাঁজোয়া যান ও সি-১৩০বি পরিবহন বিমান সরবরাহ করেছে। এ ছাড়া বিশেষ বাহিনীর জন্য আধুনিক অস্ত্র, গোলাবারুদ ও উন্নত যোগাযোগ সরঞ্জামও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

বিশ্বব্যাংকের শ্রেণিবিন্যাস অনুযায়ী বাংলাদেশ একটি নিম্ন-মধ্যম আয়ের দেশ। ২০২৪ অর্থবছরে একক দেশগুলোকে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট বৈদেশিক সাহায্যের ৫৪ দশমিক ২ শতাংশ পেয়েছে ৪৬টি নিম্ন-মধ্যম আয়ের দেশ, যার মধ্যে সাহায্য পাওয়ার দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল অষ্টম।

নবম এলএফটিতে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় একত্রে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই সহযোগিতা ভবিষ্যতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে অষ্টম এলএফটি হয়েছিল। যুক্তরাষ্ট্র মূলত বাংলাদেশকে মানবিক সহায়তার পাশাপাশি শান্তি রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে অর্থ সহায়তা দিয়ে থাকে।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা