ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:০২ পিএম
ঢাকার সার্কিট হাউজ রোডে পিআইবি ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় গণমাধ্যমের ২২ জন সাংবাদিককে নির্বাচনকালীন বিশেষ প্রশিক্ষণ দিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
ঢাকার সার্কিট হাউজ রোডে পিআইবি ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল ও দক্ষ সাংবাদিকতার বিকল্প নেই। নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমকর্মীদের পেশাগত নৈতিকতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
বুধবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন পিআইবি পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল ইসলাম আনোয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন পিআইবির গবেষক সহুল আহমেদ মুন্না, প্রশিক্ষক সাহানেওয়ার সাইদ শাহীন, গবেষক ছিদ্দিক ফারুক এবং সহ-সম্পাদক আলী মর্তুজা প্রমুখ।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, ভোট ও ভোটার ব্যবস্থাপনা, নির্বাচন কমিশনের গঠন ও দায়িত্ব, নির্বাচনী আইন ও আচরণবিধি, নির্বাচনী অনিয়ম ও অপরাধ, নির্বাচন রিপোর্টিংয়ের ধরণ, ফ্যাক্টচেকিং, ভুয়া তথ্য ও গুজব মোকাবেলা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা, নির্বাচনকালীন শারীরিক ও ডিজিটাল নিরাপত্তাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। এছাড়া ইউল্যাবের শিক্ষক ও সাংবাদিক নাজিয়া আফরিন মনামী গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে মূল্যায়ন ও অনুভূতি প্রকাশ করেন বাসস প্রতিনিধি ও দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং দৈনিক সংগ্রাম-এর প্রতিনিধি একেএম আবদুর রহীম।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নির্বাচনকালীন দায়িত্ব পালনে আরও সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলবে।