প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ২০:২২ পিএম
যশোর কেন্দ্রীয় কারাগার। ছবি: বিবিসি বাংলা
স্ত্রী ও সন্তানের মৃত্যুর চার দিন পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম।
জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর বুধবার বেলা দুইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আসিফ উদ্দীন।
তিনি জানান, গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ জুয়েল হাসান সাদ্দামের ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতেই বুধবার তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাস বয়সী সন্তানের মৃত্যু চলতি সপ্তাহে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। প্যারোলে মুক্তি না পাওয়ায় তার মৃত স্ত্রী ও সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে নেওয়া হয়। সেখানে মাত্র পাঁচ মিনিটের জন্য তাকে মরদেহ দেখার অনুমতি দেওয়া হয়।
কারাবন্দি অবস্থায় জন্ম নেওয়া তার সন্তানের বয়স ছিল মাত্র নয় মাস। সন্তান জন্মের পর ওই দিনই প্রথমবারের মতো সন্তানের মুখ দেখেন তিনি—এ ঘটনাও ব্যাপক আবেগের সৃষ্টি করে।
আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিনের মধ্যেই গোপালগঞ্জ থেকে জুয়েল হাসান সাদ্দামকে গ্রেফতার করা হয়েছিল।