প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:৫৯ পিএম
কুয়াশাচ্ছন্ন রাস্তায় কাঁধে সরঞ্জাম নিয়ে হেঁটে যাচ্ছেন একজন। ছবি: বিবিসি বাংলা
ক্যালেন্ডারের পাতায় এখনো শীতকাল দেখালেও ঢাকার বাতাসে শীতের আমেজ খুব একটা নেই। শীত যে আর ফিরবে সেরকম কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না আবহাওয়া বিভাগের পূর্বাভাসে।
সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া কেমন থাকবে বুধবার সেই পূর্বাভাস জানিয়েছে আবহওয়া অফিস।
পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দুই-তিন দিনদিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
বরং আগামী পাঁচ দিনে তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাসে বলা হয়েছে।
কিছু জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।