প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ২১:৩৯ পিএম
নিরাপত্তা মহড়ায় মঙ্গলবার উপস্থিত ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর নির্দেশনা এবং জাতীয় সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রোগ্রামের (NCASP) নীতিমালা অনুসরণে অনুষ্ঠিত হয়েছে ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৬’ শীর্ষক পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া।
যশোর বিমানবন্দরে মঙ্গলবার দুপুরে এই নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়ে।
বাংলাদেশের জাতীয় বেসামরিক বিমান নিরাপত্তা কর্মসূচি (NCASP) অনুসারে প্রতি দুই বছর অন্তর প্রতিটি বিমানবন্দরে এ ধরনের মহড়া আয়োজন বাধ্যতামূলক। এরই ধারাবাহিকতায় সম্ভাব্য হাইজ্যাক, বোমা হামলাসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি ও সমন্বয় সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ার অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরগামী এয়ার বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকি আসে। বিষয়টি বিবেচনায় নিয়ে যশোর বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত পূর্ণাঙ্গ বিমানবন্দর জরুরি অবস্থা ঘোষণা করে এবং ইমার্জেন্সি অপারেশন সেন্টার (EOC) সক্রিয় করে। পরবর্তীতে বিমানবাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে মহড়াটি পরিচালিত হয়।
মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ইউনিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, “এ ধরনের নিরাপত্তা মহড়া সম্ভাব্য দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে, যা আন্তর্জাতিক মানের যাত্রীসেবা বজায় রাখতে সহায়ক।
“আসন্ন আইকাও নিরাপত্তা অডিটের প্রস্তুতিতে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি যশোর বিমানবন্দরের নতুন বহির্গমন টার্মিনাল ও নতুন এপ্রোনের নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং রানওয়ের শক্তিবৃদ্ধিকরণ প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে বড় আকারের বিমান ওঠানামার সুযোগ সৃষ্টি হবে,” বলেছেন বেবিচক চেয়ারম্যান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান। মহড়ার পরিকল্পনায় নেতৃত্ব দেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল।