পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ২১:১৩ পিএম
বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় শনিবার রাতে নির্বাচনি জনসভায় ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী মো. শামীম আহসান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী মো. শামীম আহসান।
বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় শনিবার রাতে নির্বাচনি জনসভায় এমন মন্তব্য করেন তিনি।
শামীম আহসান বলেন, “আমরা দেখছি, ডাকসু নির্বাচনের পরে, যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে”।
এ ঘটনার পর মো. শামীম আহসানের করা মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে রবিবার জামায়াতের ওই নেতার বক্তব্যকে "কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যে" হিসেবে উল্লেখ করা হয়েছে।
"বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অশ্লীল, কুরুচিপূর্ণ, অশালীন ও অর্বাচীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তার এই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম, ঐতিহ্য ও সম্মানকে চরমভাবে ক্ষুণ্ন করেছে" বিবৃতিতে বলেছে ঢাবি।
অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে এ ধরনের "অর্বাচীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য" সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাবি প্রশাসন।
বির্তকিত মন্তব্যের বিষয় জানতে চাইলে মো.শামীম আহসান বলেন, “আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা ছিল। ইসলামী ছাত্রশিবির ডাকসুতে নির্বাচিত হওয়ার পর তার সমাধান করেছে”।