প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ০৮:৪৪ এএম
মাইকেল মধুসূদন দত্ত। ছবি: সংগৃহীত
বাংলা সাহিত্যের কালজয়ী মহাপুরুষ, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে তার জন্মভূমি যশোরের সাগরদাঁড়িতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় প্রশাসন। এদিকে মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্মে মানবিক চেতনা, মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার যে দীপ্ত প্রকাশ, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।
শনিবার দেওয়া ওই বাণীতে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলা সাহিত্যের ইতিহাসে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এক উজ্জ্বল নাম। তার সাহিত্যকর্ম ও সৃজনশীলতা বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিকতার নতুন দিশা দেখিয়েছে। তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন, মহাকাব্যিক রচনাশৈলী ও নাট্যসাহিত্যে নতুন ধারা প্রবর্তনের মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তার মহাকাব্য, নাটক ও কাব্যগ্রন্থে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং মুক্তচিন্তার প্রতিফলন দেখা যায়। তার সাহিত্যকর্ম আজও আমাদের চিন্তা ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করছে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, মধুসূদন জন্ম উৎসবের আয়োজন নতুন প্রজন্মকে মহাকবির জীবন ও সাহিত্য সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করবে এবং সাহিত্যচর্চায় আগ্রহী করবে। একই সঙ্গে এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়কে সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।
প্রতিবছর মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের কারণে এ বছর ঐতিহ্যবাহী সেই মধুমেলা হচ্ছে না। উদযাপন সীমাবদ্ধ থাকছে মাত্র এক দিনে। তারই অংশ হিসেবে আজ সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, মহাকবির ‘জীবন ও সাহিত্যকর্ম’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা, কুইজ প্রতিযোগিতা এবং মহাকবির ২০২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘সনেট’-এর মোড়ক উন্মোচন করা হবে। এর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামের জমিদার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।