প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ২১:০১ পিএম
ছবি: বাসস
দেশের আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার রাতে এ বদলি করা হয়। ত্রয়োদেশ জাতীয় নির্বাচনের মাত্র ২২ দিন আগে এমন বদলির ঘটনায় মাঠ প্রশাসনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রজ্ঞাপনে, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে।
এর আগে গত শনিবার বিকেলে জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া রাজারে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের ভাই পারভেজসহ কয়েকজন মিলে সরকারি জায়গা দখল করে ঘর তুলছিলেন। স্থানীয়রা খবর দিলে ইউএনও গিয়ে ঘটনার সত্যতা পেয়ে পারভেজকে আটক করে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান গিয়ে ইউএনওকে শাসিয়ে বলেন, ‘এখানে কার অনুমতিতে এসেছেন। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়নে মোবাইলকোর্ট করতে হলে আমাকে বলতে হবে।’ ইউএনও প্রশ্ন করেন, এটা কোন আইনে আছে? তখন চেয়ারম্যান বলেন, এটা ইউনিয়ন পরিষদ আইনে আছে।
এ ঘটনায় পরদিন (১৮ জানুয়ারি) লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়াকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর একদিন পর গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কলমাকান্দা উপজেলার ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইউএনও হিসেবে বদলি করে।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। তিনি নিজের আইডিতে দেওয়া দীর্ঘ এক ফেসবুক পোস্টে ইউএনও মাসুদুর রহমানের বদলির আদেশের কপি সংযুক্ত করে এর প্রতিক্রিয়ায় লেখেন, “ন্যায় যখন পরাজিত হয় অন্যায় তখন শক্তিশালী হয়ে ওঠে”।
তিন মাস আগে বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন হওয়া প্রীতিলতা বর্মনকে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বদলি করা হয়। বদলির আগের দিন তিনি ধুনট হাসপাতালের জমি দখল করে দোকান নির্মাণের খবর পেলে সেখানে যান। এতে প্রভাবশালীরা ক্ষুব্ধ হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সিন্ডিকেটকে দিয়ে তাকে সেখান থেকে বদলি করা হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মো. আল-আমীনকে বদলি করে নগরকান্দায়, পিরোজপুরের ভান্ডারিয়া ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনটে, পাথরঘাটা ইউএনও ইশরাত জাহানকে চরফ্যাশনে, বাহুবলের ইউএনও লিটন চন্দ্র দেকে জীবননগর উপজেলায়। নগরকান্দার ইউএনও মেহরাজ শারবীনকে কলমাকান্দায় চরফ্যাশন উপজেলার ইউএনও মো. লোকমান হোসেনকে পাথরঘাটা উপজেলায় বদলি করা হয়।