প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ২১:৪৪ পিএম
মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে মঙ্গলবার বিকালে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
ক্ষমতায় গেলে ঢাকার কড়াইলের বস্তিবাসীদের জন্য বড় বড় ভবন করে তাতে ছোট ছোট ফ্ল্যাট করে দিতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে মঙ্গলবার বিকালে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলে বস্তিবাসীদের মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্ট আমরা ধীরে ধীরে সমাধান করতে চাই। আমরা এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে। এবং এই খানে যে মানুষগুলো থাকেন, তাদের নামে রেজিস্ট্রি করে আমরা প্রতিটি ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই”।
আসন্ন সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কড়াইল বস্তি এলাকাটি এই নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত। তাই ওই এলাকার ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “আপনাদের চিকিৎসার জন্য যাতে দূরে যেতে না হয়, আপনাদের এলাকার মধ্যেই ক্লিনিক ও হাসপাতাল থাকবে। এভাবে আমরা আপনাদের এই এলাকাকে সাজিয়ে তুলতে চাই”।
আবাসন-স্বাস্থ্য সুবিধার পাশাপাশি বস্তি এলাকার শিক্ষা আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। শিশুদের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “আমরা জানি এখানে আপনাদের যে সন্তানেরা আছে, তাদের লেখাপড়ার সমস্যা আছে। আল্লাহ যদি রহম করেন আমরা এখানে বাচ্চাদের জন্য সুন্দর স্কুল গঠন করব। স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার জন্য যাতে মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশা-আল্লাহ আমরা এখানে করতে চাই”।