আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৪:৫০ পিএম
সুনামগঞ্জে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অতীতে ভোটের দিন স্কুলের মাঠে ছাগল চড়ে ভোটকেন্দ্রের দৃশ্য নজর কাড়লেও এবার সেই ঘটনা আর ঘটবে না। জনগণের অংশগ্রহণে মুখরিত হবে ভোটকেন্দ্র।
সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় এমন মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এই প্রথম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটকেন্দ্র উৎসাহ ও উদ্দীপনায় মুখরিত থাকবে।
উপদেষ্টা আরও জানান, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এবং পুলিশের বডি ক্যামেরা চলমান থাকবে। কেউ অপরাধ করলে মুহূর্তের মধ্যে ধরা পড়বে।
গণভোট সম্পর্কে তিনি বলেন, যদি জনগণ মনে করে ভোটের প্রয়োজন নেই তাহলে তারা ‘না’তে কিংবা প্রয়োজন মনে করলে ‘হ্যা’তে সীল মেরে মত প্রকাশ করবে। হ্যাঁ ভোটের প্রচারণা বাধাগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে ডিসি-এসপিকে জানাতে হবে বলেও তিনি জানান।
সরকারি কর্মকর্তারা-কর্মচারীরা কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে পারবে না বলে সতর্ক করেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, সরকারি কর্মকর্তারা কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে প্রচারণা চালালে নির্বাচন কমিশনকে অবহিত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় তিনি গণভোটের প্রচারণায় সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গির্জার প্রতিনিধিদের।