× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের পরিবেশ নিয়ে অখুশি সব পক্ষই

দীপক দেব

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ০৮:৫৩ এএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬ ১১:১৪ এএম

পোস্টাল ব্যালট নেয়ে পক্ষপাতসহ তিন অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদল রবিবার শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পোস্টাল ব্যালট নেয়ে পক্ষপাতসহ তিন অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদল রবিবার শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারাভিযান শুরু করতে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা। তবে ভোটের সময় এগিয়ে এলেও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না কেউ।

ছোট দলগুলোর পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হচ্ছে। তাদের পক্ষ থেকে আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগও আনা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আবেদনও করা হয়েছে। 

নির্বাচনী পরিবেশজনিত এই ক্ষোভের নতুন রসদ হয়ে উঠেছে পোস্টাল ব্যালটের ইস্যু। এই বিষয়ে অনিয়মের তথ্যপ্রমাণ তুলে ধরে ইসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন ভবন ঘেরাও করার মতো ঘটনাও ঘটেছে। এই অবস্থায় ইসিকে আইনের মধ্যে থেকে দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি নিরপেক্ষা নিশ্চিত করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ইসির ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এমন পদক্ষেপ থেকে দূরে থাকতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত কোনো পক্ষ যেন বিশেষ কোনো দল বা ব্যক্তির প্রতি আনুগত্য পোষণ করতে না পারে, সে ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। এসব বিষয় নিশ্চিত করতে পারলে দলগুলোর পক্ষ থেকে যেসব অভিযোগ আনা হচ্ছে তা আর ধোপে টিকবে না বলে মনে করছেন তারা। 

উল্লেখ্য, প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল প্রক্রিয়া চলার মধ্যেই বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো বড় দলের নেতারা সিইসির সঙ্গে দেখা করে নির্বাচনী পরিবেশ, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষতা ও আচরণবিধি প্রতিপালনে ইসির নিরপেক্ষতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অভিযোগ করেছেন। আচরণবিধি পালনের ক্ষেত্রেও ইসি নিরপেক্ষতা অবলম্বন করছে না, এমন অভিযোগও উঠেছে।

পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বিএনপির : প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে আপিলের শেষ দিন গতকাল রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামী আলমগীরসহ দলটির কয়েকজন নেতা। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ইসি অনেক ক্ষেত্রেই পক্ষপাতমূলক আচরণ করছে বলে তারা মনে করছেন। তারা সে বিষয়গুলো সিইসিকে জানিয়েছেন। তারা চাইছেন, ইসি যেন নিরপেক্ষ ভূমিকা রাখে।

মাঠপর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিভিন্ন নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা একটি দলের পক্ষে ন্যক্কারজনকভাবে কিছু কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। সে বিষয়গুলো আমরা তাদের গোচরীভূত করেছি। সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থে তদন্তপূর্বক তাদের প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি।’

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে আচরণবিধি প্রতিপালনসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ করেছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাদের অভিযোগের স্তূপ জমে উঠেছে, কিন্তু কোনো ‘ব্যবস্থা নেওয়া হচ্ছে না’। দলীয় প্রধানদের প্রটোকল, নিরাপত্তার ক্ষেত্রেও ‘সমতা রক্ষা করা হচ্ছে না’। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মৌলিক কতগুলো দাবি ছিল। তার একটি হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করা না যায় তাহলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ হবে না। …২২ জানুয়ারির আগেই প্রচার হওয়ার কথা নয়। কিন্তু বেশকিছু এলাকায় প্রার্থীরা, বিশেষ কিছু দলের প্রার্থী অবাধে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার।’ 

ছাত্রদলের ইসি ঘেরাও

এদিকে প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপার নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। পোস্টাল ব্যালট নিয়ে বাহরাইনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে পদক্ষেপ নিতে বিএনপি ইসির প্রতি আহ্বান জানিয়েছে। পোস্টাল ভোটিং ও ব্যালট প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকেও এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে। এমন অভিযোগের মধ্যেই গতকাল তিনটি দাবিতে ইসি ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কমিশন ভবনের বাইরে সংগঠনটির বিক্ষোভ চলার সময় ভেতরে সিইসির সঙ্গে বৈঠক করছিলেন বিএনপি মহাসচিব। 

বৈঠকের পর বিএনপি মহাসচিব বলেন, ‘ইসি তাদের কাজের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। পোস্টাল ব্যালটের বিষয়টি এখনও সমাধান হয়নি।’ কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটের প্রয়োগ এবং অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে বিস্তারিত পর্যবেক্ষণ ও দাবি তুলে ধরা হয়। তবে দীর্ঘ আলোচনা শেষে কমিশনের অবস্থানে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। 

এদিকে পোস্টাল ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদসহ তিন দফার দাবিতে ইসি কার্যালয়ের সামনে দিনভর অবস্থান করে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। রাতে কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি গতকালকের মতো স্থগিত করা হয়। আজ সোমবার বেলা ১১টা থেকে আবারও কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

অন্যদিকে ছাত্রদলের কর্মসূচি চলার বিষয়টি পর্যবেক্ষণে রাখার কথা জানানো হয়েছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। গতকাল বিকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আশা করব সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য আমরা সবাই সহযোগিতা করব।’ 

প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জামায়াতের

এদিকে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামী। বৈঠক শেষে কথা বলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একই সঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না কমিশন।’ 

ডা. তাহের বলেন, ‘সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন স্পষ্ট দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একই সঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– তাদের আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ করা যাচ্ছে। এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা আমরা ইতোমধ্যে তৈরিও করেছি।’ তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানান তিনি। 

ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয়েছে। দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ গতকাল এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ এনে বলেন, ‘আমরা মনে করি নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য দেশের রাজনৈতিক দল, জনগণ বা সবার কাছে যে কনফিডেন্স অর্জনের কথা ছিল কমিশন সেটা হারিয়ে ফেলেছে। আমরা শঙ্কা প্রকাশ করছি যে, নির্বাচনের কার্যক্রম এভাবে সামনের দিকে যেতে থাকলে এই কমিশন সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না। এ অবস্থায় এনসিপি নির্বাচনে যাবে কি না তা পুনর্বিবেচনার সময় এসেছে।’

এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, ‘রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও আমরা ছেড়ে দিয়েছে। আমরা চাই সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক।’

স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের 

দলগুলোর পক্ষ থেকে নানা অভিযোগ আসার পর নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন, ইসির এখন উচিত প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা। এ প্রসঙ্গে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এই মুহূর্তে ইসির সবচেয়ে বড় কাজ হবে নিরপেক্ষতা বজায় রাখা। একই সঙ্গে প্রতিটি কাজ স্বচ্ছতার সঙ্গে করতে পারলে কেউ অভিযোগ তোলার সুযোগ পাবে না।’ তার মতে, ‘ইসি যদি প্রতিটি ঘণ্টা ও দিনের পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যায়, তাহলে গ্রহণযোগ্য নির্বাচন করা কঠিন কোনো কাজ হবে না।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা