× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

বাসস

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১৮:২৭ পিএম

ছবি: বাসস

ছবি: বাসস

ঢাকার সরকারি সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। 

চূড়ান্ত অনুমোদনের জন্য রবিবার খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. মাহবুবুল হক পাটওয়ারী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পর্যায়ের সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আমরা আশা করছি-দ্রুততম সময়ের মধ্যেই অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন লাভ করবে।”

পরে বিকেলে এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশটি শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ে চূড়ান্ত করার পূর্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্বচ্ছ ধাপ অতিক্রম করা হয়েছে। এর মধ্যে রয়েছে-সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত সংগ্রহ, জনমতের জন্য ওয়েবসাইটে খসড়া প্রকাশ এবং শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময়। এছাড়া বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ করে একটি সর্বজনগ্রাহ্য কাঠামো তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলছে, খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মূল লক্ষ্য ছিল একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কাঠামো নির্ধারণ করা, যেখানে অংশীজনদের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটবে এবং বিদ্যমান উদ্বেগসমূহ নিরসন হবে।

অধ্যাদেশটি বর্তমানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় থাকায় সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় বলছে, টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রতিটি ধাপ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা জরুরি। এ সময় জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি বা আবেগপ্রসূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা দীর্ঘদিনের এই শ্রম ও অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মন্ত্রণালয় সতর্ক করেছে।

অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন, “দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতার এই ধারা অব্যাহত থাকলে অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যা দেশের উচ্চশিক্ষার প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা