রাজশাহী অফিস
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:৪৯ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:১৫ পিএম
সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে রবিবার ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রবা ফটো
পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী।বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ।
রাজশাহীর সরদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে রবিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দেড় লক্ষ্য পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। পুলিশের কাছে জাতির প্রত্যাশা অনেক বেশি।”
উপদেষ্টা আরও বলেন, “আপনারা সততার সাথে দায়িত্ব পালন করে যাবেন। কোন প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোন প্রকার অবৈধ সুযোগ গ্রহণ করবেন না। এমনকি দায়িত্ব পালনে প্রার্থী বা তাদের কোন প্রকার প্রতিনিধির নিকট খাবারও গ্রহণ করবেন না। কেন্দ্রে কোনরকম বিশৃঙ্খলা হলে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন। আপনারা এবারের নিরপেক্ষ নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের স্মরণ করে ও নবীন পুলিশদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আজকের সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আপনারা নতুন দায়িত্বে পদার্পণ করলেন। আপনাদের এই প্রশিক্ষণ যা রাষ্ট্র ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ “
“বাংলাদেশ পুলিশ বাহিনী শুধুমাত্র আইন প্রয়োগকারী কোন সংস্থা নয় এটি রাষ্ট্র ও জনগণের সেবক। রাষ্ট্র গঠনে প্রত্যেকটা পুলিশ সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা, জবাবদিহিতা নিরপেক্ষতা, ন্যায় বিচার, মানবিক এবং জনগণের প্রতি সেবাধর্মী মনোভাব প্রদর্শন ও প্রয়োগের দায়িত্ব আপনাদের হাতে থাকবে, কিন্তু মনে রাখবেন আইন প্রয়োগ মানেই কঠোরতা নয়।
“পুলিশের নিরপেক্ষতা ও নৈতিকতায় আপনাদের বড় দায়িত্ব। জনগণের আস্থা অর্জনই পুলিশ বাহিনীর বড় শক্তি। জনগণের কল্যাণই আপনাদের বড় ব্রত। দুর্নীতিই রাষ্ট্রের বড় শত্রু। সততা ও নৈতিকতাই হবে আপনাদের বড় পরিচয়” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, “সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়। সাহস মানে অন্যায় আদেশে না মানা, অন্যায় আদেশকে কে প্রশ্রয় না দেয়া, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়া, মজলুমের পক্ষে কাজ করা, দায়িত্ব পালনে ন্যায় নীতি অবলম্বন করা এবং নিজেকে সঠিক পথে রাখা। সততা, নৈতিকতা এবং বিবেকই হবে আপনাদের বড় পরিচয়।
“মত প্রকাশের স্বাধীনতা ও আইনের প্রতি মর্যাদা দেয়া পুলিশের আচরণের মধ্যে সরাসরি যুক্ত। আস্থা হারালে তা শক্তি দিয়েও অর্জন করা যায় না। জন নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন।”
এর আগে তিনি শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের দেয়া অভিবাদন গ্রহণ ও প্যারেড প্ররিদর্শন করেন। এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে মোট ৯৬ জন শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার প্যারেডে অংশ নিয়েছেন।