বাসস
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৯:৩৯ পিএম
রংপুর আবু সাঈদ স্টেডিয়ামে বুধবার বিকেলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতা কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। ছবি: বাসস
নতুন করে দেশ গঠনে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতা কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, তার সিদ্ধান্ত হবে এই হ্যাঁ ও না ভোটে। ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা পাবে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ।”
রংপুর আবু সাঈদ স্টেডিয়ামে বুধবার বিকেলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও মূলত এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের রক্ত দিয়ে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে হ্যাঁ বলতে হবে।
তিনি আরও স্পষ্ট করেন যে, এই গণভোট কোনো ব্যক্তিকে নির্বাচিত করার জন্য নয়। তিনি বলেন, “ জনগণ যদি হ্যাঁ বলে, তবে কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতা থাকবে না সংস্কার আটকে রাখার। দীর্ঘ ষোলো বছর ধরে জনগণের টাকা লুটপাট হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট দিলে অনেক ক্ষেত্রে এই লুটপাট ও দুর্নীতি বন্ধ হবে।”
তিনি ভবিষ্যতের বিষয়ে সতর্ক করে বলেন, “বাংলাদেশে যাতে আবার কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার।”
সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।