প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৮:৩৫ পিএম
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে’ সরকার আপাতত ‘অন অ্যারাইভাল’ ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
ঢাকায় বুধবার এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।
এর আগে গত ১২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, সরকার সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে অন অ্যারাইভাল ভিসাসহ অন্যান্য ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ নির্দেশনা জারি করেছে।
সেখানে বলা হয়, অন অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি, হোটেল বা আবাসস্থল, ফিরতি টিকেট ইত্যাদির কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সন্তুষ্ট হতে হবে। কোনো অনিয়ম বা সন্দেহের ক্ষেত্রে ভিসা দেওয়া যাবে না।
তবে এবার পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, আপাতত অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে সরকার।
যেসব দেশের নাগরিকরা বাংলাদেশে এতদিন ‘অন অ্যারাইভাল’ বা আসার পর ভিসা পেয়ে এসেছেন, তাদের উদ্দেশে ইতোমধ্যে একটি বিবৃতিও প্রকাশ করতে দেখা গেছে ওইসব দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের।
এর মধ্যে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেইসবুক পেইজে বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস বাংলাদেশ ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ থাকবে।