বাসস
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২১:২১ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২১:৫৩ পিএম
তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সভাকক্ষে সোমবার অ্যাপটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: বাসস
মেট্রোরেলসহ ঢাকার বিভিন্ন গণপরিবহনে ব্যবহৃত র্যাপিড পাস ও এমআরটি পাস এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে রিচার্জ করা যাবে। দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও ডিজিটাল করার লক্ষ্যে এ সেবা চালু করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
ঢাকার তেজগাঁওয়ে ডিটিসিএ কার্যালয়ের সভাকক্ষে সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপভিত্তিক রিচার্জ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন এ মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীরা কাউন্টারে না গিয়ে নিরাপদ ও সহজভাবে র্যাপিড পাস এবং এমআরটি পাস রিচার্জ করতে পারবেন। এতে মেট্রোরেলসহ ভবিষ্যতে অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহারে আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা রিচার্জের ইতিহাস ও কার্ড ব্যবহারের তথ্য দেখতে পারবেন। পাশাপাশি এনএফসি সুবিধাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করে তাৎক্ষণিক ব্যালেন্স যাচাইয়ের সুযোগ থাকবে। রিচার্জের ক্ষেত্রে বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড ও এএমইএক্সসহ একাধিক ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করা যাবে।
অ্যাপটি ব্যবহার করতে হলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার সাইন-আপ সম্পন্ন করতে হবে। র্যাপিড পাসের ওয়েবসাইটে পূর্বে নিবন্ধিত ব্যবহারকারীরা একই লগইন তথ্য ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। লগইন করার পর আগে যুক্ত করা কার্ড স্বয়ংক্রিয়ভাবে অ্যাপে দেখা যাবে এবং প্রয়োজনে নতুন র্যাপিড পাস বা এমআরটি পাস যুক্ত করা যাবে।
একজন ব্যবহারকারী একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত অনলাইনে রিচার্জ করতে পারবেন। তবে অনলাইনে রিচার্জ করার পর কার্ডটি অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ না করা পর্যন্ত ব্যালেন্স কার্যকর হবে না। রিচার্জ সম্পন্ন হলে নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
এছাড়া, এক সময় একটি কার্ডে কেবল একটি পেন্ডিং অনলাইন রিচার্জ রাখা যাবে। কালোতালিকাভুক্ত বা অবৈধ কার্ডে রিচার্জের সুযোগ থাকবে না। অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ করার আগে সাত দিনের মধ্যে পেন্ডিং রিচার্জ বাতিলের আবেদন করা গেলে পাঁচ শতাংশ সেবা চার্জ প্রযোজ্য হবে।
এর আগে, গত বছরের ২৫ নভেম্বর আগারগাঁও মেট্রো স্টেশনে র্যাপিড পাসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রিচার্জ সেবা চালু করা হয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েডভিত্তিক র্যাপিড পাস অ্যাপ গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে।