জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে মামলা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৭:৪৭ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১৭:৪৯ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার কোনো আসামিকে জামিন, অব্যাহতি বা খালাস যাতে দেওয়া না হয় তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : সংগৃহীত
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার কোনো আসামিকে জামিন, অব্যাহতি বা খালাস যাতে দেওয়া না হয় তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১১ ডিসেম্বর শর্তসাপেক্ষে গুরুতর অসুস্থতা বিবেচনায় এক আসামিকে জামিন দেয়।
এই জামিন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সঙ্গে দেখা করেছে।
পরে ট্রাইব্যুনালেই এক সংবাদ সম্মেলনে তারা ওই দাবি জানায়।
এছাড়াও জুলাই হত্যাকাণ্ডকে যারা ফ্যাসিলিটেড করেছে সেই সকল ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রসিকিউশনের বিচারিক ব্যবস্থার আওতায় নিয়ে আসারও দাবি জানান তারা।
একইসঙ্গে সারাদেশে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের তদন্তের ক্ষেত্রে একটি বিশেষ তদন্ত টিম ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।