প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১২:০০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন।
ইসি পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, নির্বাচন কমিশনে আপিল শুনানি শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে।
আজ ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
রবিবার ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার ১৪১-২১০ নম্বর এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
পরবর্তী আপিল শুনানির তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানান ইসি পরিচালক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে।
গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।