× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশ নেই কোন রাজনৈতিক দল এমন অভিযোগ করছে না : তথ্য উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১৮:০২ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ১৮:১১ পিএম

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা। প্রবা ফটো

নির্বাচনের পরিবেশ নেই এমন অভিযোগ কোন রাজনৈতিক দল করছে না, এখন পর্যন্ত পরিবেশ গ্রহণযোগ্য আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। তিনি বলেন, নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। 

সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে “বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম” (বিএসআরএফ) এর মতবিনিময় অনুষ্ঠানে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

সচিবালয় বিট কাভার করা সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এ মতবিনিময়ের আয়োজন করে।

একটা সুষ্ঠ গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বর্তমানে নির্বাচনের যে পরিবেশ আছে সেটাকে আপনি ঠিক মনে করছেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা আপনি কয়েকটা আঙ্গিকে দেখতে পারেন। একটা হচ্ছে, নির্বাচন পরিচালনার জন্য যে কাজগুলো অন্য সকল নির্বাচনে নির্বাচন কমিশন করে সেই কাজগুলোর করা শুরু হয়েছে কিনা। আপনারা খেয়াল করেছেন, মনোনয়ন পত্র যাচাই বাছাই  হচ্ছে। কোথাও কোন ব্যত্যয় হলে প্রার্থীরা সেসব নিয়ে কথা বলছে। ফলে নির্বাচনের যে প্রক্রিয়া সেটা কিন্তু নির্বাচন কমিশন শুরু করেছে। 

তিনি বলেন, নির্বাচনে মানুষকে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে। বিভিন্ন টুল ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। যেমন ভোটের গাড়ি উদ্বোধন, উঠান বৈঠক, গ্রামে গ্রামে মাইকিং-এসব কাজ শুরু হয়েছে। নির্বাচনে কোন রাজনৈতিক দলকে কিন্তু এরকম বলতে দেখছি না যে, পরিবেশ নাই নির্বাচন করব না। কাজেই আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই!

তথ্য উপদেষ্টা বলেন, একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা। সেটা তো আমরা কোনভাবেই সফল হতে দিতে পারি না।

রিজওয়ানা হাসান বলেন, সেজন্যই আপনাদের কাছে আহ্বান করছি মানুষকে ভয়ভীতির পরিবেশের ঊর্ধ্বে নিয়ে আসতে, গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য মানুষকে সেই নির্বাচনে উদ্বুদ্ধ করবেন। কাজেই এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে। কাজেই পরিবেশ গ্রহণযোগ্য না এই কথাটা বলব না। নির্বাচনের ক্লিয়ার রোডম্যাপ আছে। আপনার গণভোটের মেসেজগুলো আছে কাজেই নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে।

গণভোটের প্রসঙ্গে তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, গণভোটের বিষয়টা একটু প্রচার করতে হবে। গণভোটে আসলে কি কি প্রস্তাবনা আছে? কেন মানুষকে এটাতে অংশগ্রহণ করতে হবে। গণভোটের ইমপ্লিকেশন কি? এটা নিয়ে একটু ইতিবাচকভাবে যদি আপনারা প্রচার প্রচারণা করেন।

গণভোটের জন্য কি প্রচার করছেন এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করে মানুষকে তো বিষয়গুলো বুঝাতে হবে। আসলে  হ্যাঁ বললে এটার ইমপ্লিকেশন কি হবে কিংবা না বললে এটার ইমপ্লিকেশন কেমন হবে সেসব বিষয়ে সরকারের একটা ন্যারেটিভ প্রস্তুত করা আছে। আপনারা সেই ন্যারেটিভটা আমাদের কাছ থেকে নিয়ে মানুষকে সাধারণ ভোট ও গণভোট দিতে উদ্বুদ্ধ করেন তাহলে কিন্তু এটা একটা অনেক বড় কাজ হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি একটা অংশগ্রহণমূলক নির্বাচনই তো আপনারা করছেন, সেই অংশগ্রহণমূলক বলতে কি আওয়ামী লীগও থাকছে কিনা- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটাও বারবার স্পষ্ট করা হয়েছে যে বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত কাজেই এই প্রশ্ন তো এখন অবান্তর।

পুলিশ কি আসলে পরিপূর্ণভাবে এক্টিভ করতে পেরেছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন সময়ে যা তার থেকে খুব বেশি ব্যতয় হয়েছে আমাদের পরিসংখ্যান তা বলে না। সার্বিকভাবে পুলিশ ফাংশনাল এবং পুলিশ এখনও তাদের কাজে মনোনিবেশ করে যাচ্ছে।

দেশ থেকেও দেশের ভেতর থেকেও নির্বাচন ব্যহত করার জন্য গুজব ছড়াচ্ছে, আমাদের জাতীয় দায়িত্ব নির্বাচনটা করা। এখন আমরা কোন দেশ থেকে কি গুজব রটাচ্ছে সেটা নিয়ে বেশি পড়ে থাকব নাকি প্রস্তুতি নিব যাতে করে আমাদের নির্বাচনটা হয়। আমাদের দেশটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারে।  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, আনফরচুনেটলি, খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। এরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে। তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেই জায়গা থেকে আইনগত ভিত্তি পর্যালোচনা ও প্রক্রিয়া যাচাই-বাছাই করছি এবং এসবের পর আমরা একটা পদক্ষেপ গ্রহণ করব।

সম্প্রচার অধ্যাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সম্প্রচার অধ্যাদেশ মোটামুটি একটা খসড়া করা হয়েছে। ওটা আরেকটু ফাইনাল টিউনিং করে হয়তো আগামী সপ্তাহ থেকে এভেলেবল করব। আর মিডিয়া কমিশনের যেটা একটা দাবি আছে সেই মিডিয়া কমিশনটার মধ্যেই সাংবাদিকদের সুরক্ষার বিধান রেখে হয়তো একটা খসড়া করে দিয়ে যেতে পারব। বাকিটা আপনাদেরকে পরের সরকার থেকে হয়তো আদায় করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা