হাদি হত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১৭:২৯ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকান্ডের ঘটনায় মূল আসামি ফয়সাল ও আলমগীর গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিঃ আইজিপি একেএম শহিদুর রহমান। একই সঙ্গে আসামিরা ভারতে পলাতক থাকলেও তাদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলেও জানান তিনি।
রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে রবিবার এসব জানানো হয়।
একেএম শহিদুর রহমান বলেন, “গত ১২ তারিখে শহীদ ওসমান হাদি হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই আমরা সর্বোচ্চভাবে আমাদের যত প্রক্রিয়া আছে সব প্রয়োগ করে দিনরাত ২৪ ঘন্টা এই ঘটনা নিয়ে কাজ করি। ১২ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে আমরা ৮ জন আসামি গ্রেপ্তার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল আমরা উদ্ধার করি। এ ঘটনায় আমরা এখনও আসামি ফয়সাল এবং আলমগীর তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব। আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো বলে আমরা আশাবাদী। আমরা এ ঘটনায় ৮ জন আসামিকে গ্রেপ্তার করি যারা এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। যে মূল আসামি তাকে গ্রেপ্তার করা আমাদের মূল টার্গেট।”
ফয়সাল এবং আলমগীর দেশের বাইরে পালিয়েছে এই বিষয়ে জানতে চাইলে শহিদুর রহমান বলেন, “আমরা প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তে চেষ্টা করছি। তাদের অবস্থান শনাক্ত হলে তারপর তাদের গ্রেপ্তার করা হবে। কোন আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকেও ফিরিয়ে আনার প্রক্রিয়া আছে। অনেক উপায় আছে। এই সমস্ত উপায় প্রয়োগ করা যাবে যদি তাদের অবস্থান আমরা শনাক্ত করতে পারি।”