প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ০৯:৩৯ এএম
সারা দেশে জেঁকে বসেছে শীত। সঙ্গে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। শীতে কাঁপছে প্রায় সব বয়সি মানুষ। বিশেষ করে ছিন্নমূল ও প্রান্তিক মানুষ দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, হিমশীতল এ ঠান্ডা থাকতে পারে আরও কয়েকদিন। দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। শৈত্যের কারণে বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বাড়াতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গ ও নদী অববাহিকার অঞ্চলগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হতে পারে।
ইতোমধ্যে প্রচণ্ড শীতের কারণে উত্তরের কুড়িগ্রাম, পঞ্চগড়সহ কোথাও কোথাও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দেশের সাত জেলায় (গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া) বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
এদিকে ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তার কারণে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
তিনি জানান, কুয়াশার কারণে চারটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি কলকাতা বিমানবন্দর ও একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।
কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের সর্বত্র শীত ও ঘন কুয়াশার ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। গতকাল শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দিনগুলোতে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে। কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।