প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৪ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫ ২০:০৮ পিএম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে একটি কক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এগিয়ে গিয়ে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে হাত মেলালেন। তারা দুজন কুশল বিনিময় করলেন। ছবি: প্রধান উপদেষ্টা প্রেস উইং
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে দেখা হলে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
সাবেক প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার জানাজা হয় বুধবার বেলা ৩টার পর। তার আগে ঢাকায় সংসদ ভবনে তাদের এই সাক্ষাৎ
হয়।
তাদের শুভেচ্ছা বিনিময়ের
তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। প্রধান উপদেষ্টার দপ্তরের ফেইসবুক পাতায় তাদের
দুটি ছবিও প্রকাশ করা হয়েছে।
তারা পৃথকভাবে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। নিজ নিজ সরকারের পক্ষে তারা শোকবার্তা তুলে দেন ও সমবেদনা জানান।


খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসা সার্কভুক্ত দেশের ছয় প্রতিনিধি জানাজার আগে দুপুরে বসেছিলেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে তাদের জন্য নির্ধারিত একটি কক্ষে। ওই কক্ষে তখন আরও উপস্থিত ছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।
এক পর্যায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এগিয়ে গিয়ে হাত মেলান পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে। তারা দুজন এ সময় কুশল বিনিময় করেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, তাদের মধ্যে সেখানে দেখা হলে তারা হাত মেলান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শেষে গত মে মাসের পর দুই দেশের সরকারের নীতি নির্ধারকদের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সাক্ষাৎ।
চলতি বছরের এপ্রিলে কাশ্মিরে `সন্ত্রাসী’ হামলার পর চিরবৈরী দুদেশের মধ্যে বিরোধ পৌঁছায় চূড়ান্ত মাত্রায়।
ইসলামাবাদে অবস্থান করে এশিয়া ওয়ান নিউজের ইসলামাবাদ ব্যুরোর প্রধান আনাস মল্লিক এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এগিয়ে গিয়ে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে হাত মেলালেন। তারা দুজন কুশল বিনিময় করলেন। এ বছরের মে মাসে দুই দেশের মধ্যে যুদ্ধের পর এটাই দুই দেশের উচ্চপর্যায়ের প্রথম যোগাযোগ।”
ভারতের সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে সংক্ষিপ্তভাবে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অপারেশন সিন্দুরের পর এটিই দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।