প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:৫০ পিএম
বাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান এ দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য ও স্মরণীয় হয়ে থাকবে।’
শিক্ষা উপদেষ্টা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় তার (খালেদা জিয়া) বলিষ্ঠ ভূমিকা, বিচক্ষণ নেতৃত্ব এবং দীর্ঘ সংগ্রামময় রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।’
শোকবার্তায় শিক্ষা উপদেষ্টা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই গভীর শোকের সময়ে তার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা দান করেন।’
শোকবার্তায় শিক্ষা উপদেষ্টা শোকসন্তপ্ত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।