খালেদা জিয়ার মৃত্যু
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ১২:৪৭ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:২৩ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোকের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়। পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হয়।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিনদিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল (বুধবার) তার নামাজে জানাযার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি।
তিনি বলেন, ‘নামাজে জানাযাসহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘প্রিয় দেশবাসী, আমি জানি, আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি, শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাযাসহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন।’
মঙ্গলবার ভোর ৬টায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জিয়া। এভারকেয়ার হাসপাতালে লম্বা সময় ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে চির শায়িত করা হবে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে।