প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ১০:৫৫ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:৪২ পিএম
খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। সেখানে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপি মহাসচিব এভারকেয়ার হাসপাতালে থেকে ইতোমধ্যে রওনা করেছেন।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।