প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ২১:৪৮ পিএম
ঢাকার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে সোমবার সকালে আয়োজিত ‘জাতিসংঘ জলবায়ু সম্মেলন-২০২৪ (কপ-২৯) পরবর্তী ডি-ব্রিফিং’ কর্মশালায় বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি :প্রতিদিনের বাংলাদেশ
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের অবস্থান ও গুরুত্ব তুলে ধরতে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
ঢাকার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে সোমবার সকালে আয়োজিত ‘জাতিসংঘ জলবায়ু সম্মেলন-২০২৪ (কপ-২৯) পরবর্তী ডি-ব্রিফিং’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘কপে গিয়ে আমার উপলব্ধি হয়েছে সেখানে উচ্চপর্যায়ের নেতৃত্ব দেওয়া দরকার। এতে দেশের গুরুত্ব বেড়ে যায়। কেননা প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী থাকলে যতটা গুরুত্ব দেওয়া হয় অন্যদের ক্ষেত্রে তা হয় না। তাই কপে বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের নেতৃত্ব অংশগ্রহণ জরুরি।’
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ তুলে ধরে ফরিদা আখতার বলেন, উৎপাদন বৃদ্ধির জন্য খামারিরা বিদেশি জাতকে প্রাধান্য দিলেও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে দেশীয় জাতটি ভালো। আর বিদেশি জাতের ক্ষেত্রে যে ধরনের সেবা যত্ন দরকার, দেশীয় ক্ষেত্রে তা প্রয়োজন হয় না।
কপে বাংলাদেশ প্যাভিলিয়নের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, অনেকেই বলেছেন বাংলাদেশ প্যাভিলিয়ন দরকার নেই, কেননা সেখানে নিজেরা নিজেদের কথা বলে ও শুনে। তারপরও এটাকে ছোট্ট বাংলাদেশ হিসেবে বিবেচনা করতে হবে। প্যাভিলিয়নে যেভাবে কথা শুনেছি, তা অন্য কোথাও শোনা হয় না। বেলেমে বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি করায় ধরিত্রী কুমারকে ধন্যবাদ। তাই প্যাভেলিয়ন থাকতে হবে, বাদ দেওয়া যাবে না।
তিনি আর বলেন, কপে বাংলাদেশ বেশকিছু জায়গায় দুর্বলভাবে এগিয়েছে। সেখানে অ্যাগ্রিকালচার তথা ফুড সিকিউরিটি নিশ্চিতে যুক্ত থাকতে হবে। তা ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে অবশ্যই রাখতে হবে।
ফরিদা আখতার বলেন, ‘বাংলাদেশের এক্সপার্ট গ্রুপ তৈরি করতে হবে। তরুণদের মধ্যে একটি গ্রুপ তৈরি হয়েছে। তারা জুলাই আন্দোলন থেকে জলবায়ু সবাই কাজ করছে।
‘জিএমও কী কী সমস্যা তৈরি করছে সে ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। কেননা এটি মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও রয়েছে। এজন্য গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।’
মৎস্য উপদেষ্টা বলেন, টেকনোলজি নয় মানুষের জ্ঞানের দিকে যেতে হবে। টেকনোলজির পাশাপাশি মানুষের জ্ঞানকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
কপে সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়ে তিনি বলেন, কপে প্রত্যেকেই আমাদের সহযোগিতা করেছে। পেছনে যারা কাজ করে তাদের জন্যই আমাদের দেশ এগিয়ে যায়।