ইউএনবি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৩০ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৩০ পিএম
শনিবার দুপুরে তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি: ইউএনবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে আগামীকাল রবিবার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনরে (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তার কন্যা জাইমা রহমান। তাদের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ভোটার নিবন্ধন আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী যেকোনো প্রাপ্তবয়স্ক, ভোটার হতে সক্ষম ব্যক্তিকে ভোটার করার এখতিয়ার কমিশনের আছে। তাদের (তারেক ও জাইমা) আবেদন আগামীকাল (রবিবার) কমিশনে পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এর আগে, শনিবার দুপুর ১টার দিকে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হন তারেক রহমান। সেখানে তিনি প্রথমে আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় তার মেয়ে জাইমা রহমানও ভোটার নিবন্ধন সম্পন্ন করেন।