প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১১:০৭ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১১:০৮ এএম
আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে অবরোধ শুরু করেছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তারা শাহবাগ ছেড়ে দেন।
নেতাকর্মীরা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে ফিরে গেলে তারা আবার শাহবাগে অবস্থান করবে।
শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে সকালে সরেজমিন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’ বলে স্লোগান দেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শুক্রবার সারা রাত শাহবাগে অবস্থান করেছেম। সকালে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা শাহবাগ মোড়ে দাঁড়িয়ে সবাইকে জায়গা ছেড়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন। তখন প্রায় সবাই শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন। কেউ কেউ রাস্তায় থাকা ময়লা পরিষ্কার করে দিচ্ছেন।
ফাতিমা তাসনিম জুমা বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে তারা এই জায়গা ছেড়ে দিয়েছেন। ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে গেলে তারা আবার অবস্থান কর্মসূচি পালন করবেন। পরে তিনি ঘোষণা দেন ব্যারিকেডের এপাশে ইনকিলাব মঞ্চের কেউ নেই।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কয়েক শ নেতাকর্মীকে শাহবাগ মোড়ের সামনে দিয়ে কয়েকবার মিছিল নিয়ে আসতে ও যেতে দেখা গেছে।
নেতাকর্মীরা তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়া তারেক রহমানের আগমন উপলক্ষে শাহবাগ জাতীয় জাদুঘর, ওসমান হাদির কবর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাড়তি নিরাপত্তা দেখা গেছে।