ডিএমপির গণবিজ্ঞপ্তি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩ পিএম
ডিএমপি
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বড়দিন উপলক্ষে ঢাকার সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বুধবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়দিন অনুষ্ঠানটি ভাবগম্ভীর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার এই নির্দেশনা প্রদান করেন। এই সময়ের মধ্যে কোনো ধরনের আতশবাজি বা পটকা ফুটানো এবং ফানুস বা গ্যাস বেলুন উড়ানো যাবে না।
পবিত্র বড়দিনের পবিত্রতা রক্ষা এবং নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি এই কঠোর অবস্থান নিয়েছে। বড়দিনের অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও নিরাপদ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।