× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

হাতিয়া ও নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৪ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪ পিএম

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তার ও চরের জমি দখলকে কেন্দ্র করে ‘আলাউদ্দিন বাহিনী’ ও  ‘কোপা সামছু বাহিনী’র মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত  ৫ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চর গ্রামে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আলাউদ্দিন (৪০) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের মহিউদ্দিনের ছেলে এবং স্থানীয় আলাউদ্দিন বাহিনীর প্রধান। স্থানীয়দের দাবি, নিহত অপর চারজনের মধ্যে ‘কোপা সামছু বাহিনী’র প্রধান সামছুও রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বাকি চারজনের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, জাগলার চরের জমি এখনো সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। গত ৫ আগস্টের পর থেকে ‘কোপা সামছু বাহিনী’ ওই চরের জমি অবৈধভাবে বিক্রি শুরু করে। এদিকে সুখচরের ‘আলাউদ্দিন বাহিনী’ ওই জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে। দুই পক্ষই চরের জমি বিক্রির নিয়ন্ত্রণ নিতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। 

চরের দখল নিতে মঙ্গলবার সকালে কোপা সামছু, আলাউদ্দিন বাহিনীর মধ্যে সংঘর্ষ ও ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত আলাউদ্দিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের সময় বেশ কিছু ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

স্থানীয় বাসিন্দা হাছান উদ্দিন জানান, চর নিয়ে চলমান দ্বন্দ্বে কোপা সামছু বাহিনী এবং আলাউদ্দিন বাহিনী— মুখোমুখি হয়ে গোলাগুলিতে জড়ায়। এতে সামসু বাহিনীর প্রধান ও আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিন নিহত হয়েছেন।  দীর্ঘদিন ধরে এই চর এলাকায় উশৃঙ্খলা বিরাজ করছে। 

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ‘নোয়াখালী জেনারেল হাসপাতালে একটি মরদেহ রাখা আছে। চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চলের কারণে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা