প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ২২:৫৩ পিএম
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্প দলের প্রধান সেলিম আহমেদ খান বলেন, শুক্রবার সন্ধ্যা এবং শনিবার ১০টি দেশের মোট ৪১,৫৪৩ জন প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন ২১ জানুয়ারি প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ করবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত সব মিলিয়ে ৫ লাখ ৪০ হাজার ৬১০ জন ভোটার এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা এবং যারা নিজ এলাকার বাইরে থাকেন, তারাও এই পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
ভোট দেওয়ার নিয়ম ও কিছু জরুরি সতর্কতা
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর ভোটাররা অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে তা জানতে পারবেন।
১. আগে ভোট দিলে বাতিল: কেউ যদি প্রতীক বরাদ্দের আগেই ভোট দিয়ে ফেলেন, তবে সেই ভোট বাতিল হয়ে যাবে। নিয়ম অনুযায়ী, প্রতীক দেখে তারপরই ভোট দিতে হবে।
২. কিউআর কোড স্ক্যান: ভোটাররা যখন ব্যালট পেপারের খামটি হাতে পাবেন, তখন অ্যাপে লগ-ইন করে খামের ওপরের কিউআর কোড স্ক্যান করতে হবে। এর মাধ্যমে সিস্টেমে ব্যালটটি শনাক্ত করা হবে।
৩. ভোট দেওয়ার পদ্ধতি: ব্যালট পেপারে সব প্রতীকের পাশে খালি ঘর থাকবে। নিজের পছন্দের প্রতীকের পাশের ঘরে টিক (✓) বা ক্রস (×) চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। এর সাথে একটি ‘ডিক্লারেশন ফর্ম’ বা ঘোষণাপত্রে নিজের নাম, এনআইডি নম্বর ও স্বাক্ষর দিতে হবে। নিরক্ষর বা শারীরিকভাবে অক্ষম ভোটাররা অন্য কোনো ভোটারের সাহায্য নিতে পারবেন।
৪. ফেরত পাঠানোর নিয়ম: ভোট দেওয়া শেষে ব্যালট পেপারটি ছোট খামে ভরে সিল করতে হবে। এরপর সেই ছোট খাম ও ঘোষণাপত্রটি বড় রিটার্ন খামে ভরে ডাকযোগে পাঠাতে হবে।
৫. খরচ ও ট্র্যাকিং: এই ব্যালট পাঠাতে ভোটারদের কোনো টাকা বা ডাকটিকিট লাগবে না, সব খরচ বাংলাদেশ সরকার বহন করবে। এছাড়া অ্যাপের মাধ্যমেই ভোটাররা জানতে পারবেন তাদের ব্যালটটি ঠিকঠাক পৌঁছাল কি না।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনার আগে পর্যন্ত যেসব ব্যালট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে, সেগুলোই কেবল গণনায় অন্তর্ভুক্ত করা হবে।