প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ২২:৩৭ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ০১:৩৮ এএম
নির্বাচন ভবন। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রবিবার (২১ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার ইসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি জানান, রবিবার দুপুর ১২টায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে করবেন। এরপর দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রধান সভা অনুষ্ঠিত হবে। সভাশেষে বেজমেন্টে গণমাধ্যমে এ বিষয়ে ব্রিফিং করা হবে।
শনিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত একটি সভা আগামীকাল (আজ) ২১ ডিসেম্বর রবিবার, সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনারগণ উপস্থিত থাকবেন।