হাদি হত্যা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:১২ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:২৩ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শনিবার (২০ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিষয়টি জানান। জাতিসংঘের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।
ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক জানান, মহাসচিব শরিফ ওসমান বিন হাদির হত্যার নিন্দা জানিয়েছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ডুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব কর্তৃপক্ষের প্রতি আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ একটি দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনা করার আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, মহাসচিব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে সহিংসতা থেকে বিরত থাকার, উত্তেজনা কমানোর এবং সর্বাধিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।