বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:০৩ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধির পাশেই চলছে ওসমান হাদির কবর খননের কাজ। প্রবা ফটো ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সভায় প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দাফনস্থল হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি প্রাঙ্গণ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধির পাশেই চলছে কবর খননের কাজ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।
তিনি জানান, ওসমান হাদির পরিবার, ডাকসু এবং ক্যাবিনেট সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নজরুল সমাধি প্রাঙ্গণে খালি থাকা নির্দিষ্ট স্থানে ওসমান হাদির দাফনস্থল নির্ধারণ করা হয়।
আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে নজরুল সমাধির সামনে ওসমান হাদির নির্ধারিত কবরস্থান একনজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পরবর্তীতে, বেলা সাড়ে এগারোটার দিকে কবর খোঁড়ার কাজ শুরু হয়।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
হাদীর জানাজার উদ্দেশ্যে ঢাবি থেকে ছেড়ে গেল আটটি বাস
এদিকে ইতিমধ্যে ওসমান হাদির জানাযায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ৮ টি বাস রাজধানীর মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে রওনা দিয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর বারোটায় রাজু ভাষ্কর্য ও অপরাজেয় বাংলার সামনে থেকে বাসগুলো ছেড়ে যায়।
৮টি বাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য ৫টি লালবাস, শিক্ষকদের জন্য ২টি এসি মিনিবাস এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১টি লালবাস বরাদ্দ দেওয়া হয়।

হাদীর দাফনকে ঘিরে ঢাবিতে নিরাপত্তা জোরদার
মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষ করে ওসমান হাদিকে ঢাবি কেন্দ্রীয় মসজিদের পাশের সমাধিস্থলে নিয়ে আসা হবে দাফনকার্য সম্পন্ন করার জন্য । দাফনকার্যকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি ও এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, টিএসসির রাজু ভাষ্কর্য এলাকা, ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও, টিএসসি থেকে শাহবাগ অভিমূখী রাস্তার বেশ কিছু অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।