বাসস
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৯ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৬:২২ পিএম
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : বাসস
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে গণমাধ্যম দুটির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
প্রেস উইং জানায়, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সহমর্মিতা জানান প্রধান উপদেষ্টা। ফোনালাপে তিনি বলেন, ‘আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।’
প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বিরাট বাধা সৃষ্টি করেছে।
টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ড. ইউনূস।
খুব শিগগিরই এই দুই সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।