× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১০:১০ এএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫ ১০:১৪ এএম

বৃহস্পতিবার দিনগত রাতে প্রথম আলোর অফিসে আগুন দেওয়া হয়। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার দিনগত রাতে প্রথম আলোর অফিসে আগুন দেওয়া হয়। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘোষণা আসার পর একদল হামলাকারী দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করে আগুন দেয়, এতে দুটি অফিসেই অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার কারওয়ানবাজারে অবস্থিত প্রথম আলোর চারতলা ভাবনটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে। কিছু জায়গা থেকে তখনও ধোয়া উঠতে দেখা যায়। ফায়ার সার্ভিসের একটি টিমকে ঘটনাস্থলে দেখা গেছে। প্রসঙ্গত, ভবনটিতে প্রথম কয়েকটি বিভাগের কার্যালয় ছিল।

হামলাকারীদের দেওয়া আগুনে ডেইলি স্টার অফিসের নিচ তলা ও দোতলা পুড়ে গেছে। অফিসের ভেতরে ভাঙচুর করে ফেলে রাখা জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে। শুক্রবার সকালে ডেইলি স্টারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

এর আগে, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কারওয়ানবাজারে অবস্থিত দেশের দুটি শীর্ষ গণমাধ্যমের অফিস ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এসময় সেখানে অবস্থানরত সংবাদকর্মীরা আটকা পড়েন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের ক্রেনের সাহায্যে উদ্ধার করেন এবং আগুন নেভান। হামলাকারীদের সংবাদমাধ্যমের অফিসের ভেতরে লুটতরাজও করতে দেখা গেছে।

এসময় সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ঘটনাস্থলে গেলে তাকেও হেনস্তা করা হয়।

পরে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। তবে শুক্রবার সকালে প্রথম আলোর সামনে র‍্যাবের একটি টিম এবং কয়েকজন পুলিশ সদস্য থাকলেও কোনো সেনা সদস্যকে দেখা যায়নি।

সর্বশেষ অবস্থার বিষয়ে জানতে পুলিশের ধানমন্ডি ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি। পর্যাপ্ত তথ্য নেই বলে জানান ডিউটি অফিসার।

প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ জানান, বৃহস্পতিবার রাতের হামলায় তাদের অফিসের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার ক্ষতিসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অনলাইন পোর্টালে খবর প্রকাশের কাজ স্থগিত আছে। তবে তারা পরিস্থিতি সামলে দ্রুততম সময়ে কাজ শুরুর চেষ্টা করেছেন।

প্রথমবারের মতো হামলার কারণে প্রথম আলোর প্রকাশনা বন্ধ রাখা হয়েছে বলেও তিনি জানান। ‘পুরো ঘটনায় আমরা খুবই মর্মাহত। সাংবাদিকতরা জন্য এটা একটা আঘাত’, বলেন সাজ্জাদ শরিফ।

ডেইলি স্টারের কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলাকারীরা ভবনের প্রায় প্রতিটি তলায় হামলা ও ভাঙচুর চালায় এবং মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে।

অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ ডেইলি স্টার ভবন

ডেইলি স্টারে কর্মরত একজন জানিয়েছেন, হামলাকারীরা তার ক্যামেরা, ভিভাইস, হার্ডড্রাইভ সব লুট করে নিয়ে গেছে। কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে তিনি জানান, তার সারা জীবনের সব কাজ এবং স্মৃতি ওগুলোয় সংরক্ষিত ছিল।

গতকাল রাতের ভয় ও আতঙ্ক কাটিয়ে উঠে স্বাভাবিকভাবে কথা বলার মতো পরিস্থিতি নেই বলেও জানান কয়েকজন কর্মী।

এছাড়াও রাত একটার দিকে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়।

হামলার পর রাত সাড়ে ৩টার দিকে ছায়ানটের ফেসবুকে দেওয়া এক ঘোষণায়, ভবনটিতে পরিচালিত ‘ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের’ ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

আবারও ভাঙচুর করে আগুন দেওয়া হয় আগে দুইবার গুড়িয়ে দেওয়া ধানমন্ডি-৩২ এ থাকা শেখ মুজিবুর রহমানের বাড়িটি। সকাল সাড়ে আটটার দিকেও বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া লাইভে কয়েকজনকে ইট দিয়ে বাড়ির অবশিষ্ট দেয়াল ভাঙতে দেখা যায়।

কেবল রাজধানীতেই না, হামলার শিকার হয়েছে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ও। কার্যালয়ের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর কিছু লোক এসে ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়লে হামলাকারীরা ইট-পাটকেল মারে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ধরিয়ে দিলে রাত দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এছাড়াও রাত সোয়া ১১টার দিকে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের বাসায় আগুন দেওয়া হয়। গুড়িয়ে দেওয়া হয় রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিস।


সূত্র : বিবিসি বাংলা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা