প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম
আটক মাছ ধরার ট্রলার ও ট্রলারে থাকা জেলে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক জলসীমার কাছে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের দুটি মাছ ধরার ট্রলার ও ট্রলারে থাকা ৩৫ জন জেলেকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর সমুদ্রে টহল দেয়ার সময় ‘এফ বি সাবিনা–১’ এবং ‘রূপসী সুলতানা’ নামে দুই বাংলাদেশি ট্রলারকে আটক করে উপকূলরক্ষী বাহিনী।
বুধবার (১৭ ডিসেম্বর) নিরাপত্তা বিধি মেনে আটক ট্রলার ও মৎস্যজীবীদের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জের উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়।
উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, এফ বি সাবিনা–১ ট্রলারে মোট ১১ জন এবং রূপসী সুলতানা ট্রলারে ২৪ জন বাংলাদেশি জেলে ছিলেন। দুইটি ট্রলারসহ এই ৩৫ জন বাংলাদেশি জেলেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা বলে জানান।
এর আগে গত নভেম্বরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের ২৯ জন মৎস্যজীবীসহ ‘এফবি আমিনা গণি’ নামক একটি ট্রলারকে আটক করা হয়। তাদেরও ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তিরা কক্সবাজারের বাসিন্দা বলে জানিয়েছিল পুলিশ।