প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির জরুরি অস্ত্রোপচার সিঙ্গাপুরেই সম্পন্ন করার বিষয়ে অনুমতি দিয়েছে তার পরিবার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন। আর ওসমান হাদি যদি মহান রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ন্যায়বিচারের দাবিতে স্বাধীনতাকামী জনতাকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে এবং প্রয়োজনে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে। এছাড়া, হামলাকারীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, তবে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে যেকোনো মূল্যে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
এর আগে গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা এক আততায়ী খুব কাছে থেকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।