× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩, আহত ১৩১৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:১৯ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

সারা দেশে গত নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৮৩ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ১ হাজার ৩১৭ জন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে সংগঠনটি এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহীর সংখ্যাই সবচেয়ে বেশি—১৯৪ জন। এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন বাসের যাত্রী ২৪ জন, বিভিন্ন পণ্যবাহী যানের (ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ ইত্যাদি) আরোহী ২২ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাস আরোহী ১৪ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক, সিএনজি, অটোরিকশা) ৮৩ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন, ভটভটি ইত্যাদি) ৩১ জন এবং রিকশা ও বাইসাইকেল আরোহী ৯ জন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ অনুযায়ী, সংঘটিত দুর্ঘটনার মধ্যে ১৩১টি জাতীয় মহাসড়কে, ২৪৫টি আঞ্চলিক সড়কে, ৮২টি গ্রামীণ সড়কে এবং ৭১টি শহরের সড়কে ঘটেছে। এছাড়া ৫টি দুর্ঘটনা ঘটেছে অন্যান্য স্থানে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে সর্বাধিক ২৩৭টি। এছাড়া মুখোমুখি সংঘর্ষ ১২২টি, পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা ১০৯টি, পেছন থেকে ধাক্কায় ৫৯টি এবং অন্যান্য কারণে ৭টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৪১টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগে সবচেয়ে কম ৩০টি দুর্ঘটনায় ২৪ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে চট্টগ্রামে সর্বাধিক ৪১টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হন। বিপরীতে শেরপুর ও পঞ্চগড় জেলায় সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে—সেখানে ৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক অসুস্থতা, নির্দিষ্ট বেতন ও কর্মঘণ্টার অভাব, মহাসড়কে স্বল্পগতির যানবাহনের চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে।

দুর্ঘটনা রোধে দক্ষ চালক তৈরি, চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করা, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি, মহাসড়কে আলাদা সার্ভিস রোড নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর কঠোর বাস্তবায়নের সুপারিশ করেছে সংস্থাটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা