প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:১৪ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:২৫ পিএম
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ একথা জানান তিনি।
ইসি সচিব জানান, নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের একটি প্রশাসনিক চুক্তি হয়েছে। ওই চুক্তির আলোকেই আসন্ন সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন একটি পর্যবেক্ষক প্রতিনিধি দল পাঠাবে।
তিনি জানান, আমাদের ধারণা দেওয়া হয়েছে যে, ১৭৫ থেকে ২০০ জনের মতো পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন। তবে তাদের সুনির্দিষ্ট সংখ্যা ও তাদের বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে জানানো হবে।
তিনি আরও জানান, চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে। বিশেষ করে পর্যবেক্ষকদের যাতায়াতসহ বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন কমিশন সহযোগিতা করবে।