প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০ পিএম
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ( মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৫৩ জন। আর গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু না হওয়ায় এ বছরে এখন অবধি মৃত্যু সংখ্যা অপরিবর্তিত ৪০৯ জনই রয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৫২ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ জন রয়েছে। এরপরেই নতুন করে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে যথাক্রমে- বরিশাল বিভাগে ৩৪, চট্টগ্রাম বিভাগে ৩২, ময়মনসিংহ বিভাগে ২১, খুলনা বিভাগে ২০, রাজশাহী বিভাগে ৯, সিলেট বিভাগে ৩ এবং রংপুর বিভাগে ১ জন। তবে, এই সময়ে ঢাকা সিটি করপোরেশনের বাইরে কেউ আক্রান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ২০৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ৯৯ হাজার ৪৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।