প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:০৫ পিএম
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। কোলাজ : বাসস
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামকে 'প্রধান নিরাপত্তা কর্মকর্তা' হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে ২১ বিএমএ লং-কোর্সে কোর অফ আর্টিলারিতে ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে কমিশন লাভ করেন। সামরিক একাডেমিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ওসমানী গোল্ড মেডেল লাভ করেন তিনি।
অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ এই সেনা কর্মকর্তা বাংলাদেশ, পাকিস্তান, যুক্তরাজ্য, চীন, ফিলিপাইন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে ফোর্স কমান্ডারের স্টাফ অফিসার ও ডেপুটি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী এই সেনা কর্মকর্তা (অব:) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন।
এছাড়া ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে প্রথম শ্রেণিতে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ অর্জন, ফিলিপাইন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং স্বর্ণপদক পান তিনি।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে প্রথম শ্রেণিতে মিলিটারি টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রি লাভ করার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বাংলাদেশের নিউক্লিয়ার সিকিউরিটি বিষয়ে প্রথম ডক্টরেট (PhD) ডিগ্রি অর্জন করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম।